কটিয়াদীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজার সংলগ্ন বালুর মাঠে গ্রাম বাংলার আবহমান লোক সংস্কৃতির ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবারের মতো এবারও এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে বানিয়াগ্রাম বাজার বণিক সমিতি।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বিশাল খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওই মাঠে বসেছিল শীতকালীন গ্রামীণ মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি ঢাকার সদস্য মো. মোয়াজ্জেম হোসেন।
বাজার কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মহিউদ্দীন মহিবের সভাপতিত্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাও. নাসির উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়লস, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল আলম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশাল মাঠের চারপাশে অবস্থান করে লক্ষাধিক নারী, পুরুষ ও শিশু এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রধান অতিথি মো. হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, স্থানীয় মানুষজনের জন্য নির্মল বিনোদন এবং বিলুপ্ত প্রায় লোক সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুদ্ধারই আমাদের আয়োজনের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, এবার হবিগঞ্জ, চুনারুঘাট, সিলেট ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত ঘোড় সওয়ারী এ প্রতিযোগিতায় ঘোড়া নিয়ে অংশ গ্রহণ করেছেন।
ছোট, মাঝারি ও বড় তিনটি গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সর্বমোট নয়টি পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদের মাঝে।

মন্তব্য করুন