১৩ই জানুয়ারি, ২০২৬

কৃষকের ছেলে হয়ে নিজের তৈরি বিমান চালিয়ে তাক লাগালো মানিকগঞ্জের জুলহাস 

শাহাদুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লা। তার বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শত শত মানুষ।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১ ঘটিকার দিকে জুলহাস মোল্লার টানা চার বছরের চেষ্টায় তৈরি আরসি বিমানের সফল উড্ডয়ন সম্পন্ন করেন।
জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদীভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করছেন জুলহাস। ছয় ভাই, দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন ২৮ বছরের এই যুবক। অর্থাভাবে আর পড়া হয়নি। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।
জুলহাস মোল্লার পরিবার জানান, “জুলহাস ছোটবেলা থেকে প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু বানাতে চায়। জিজ্ঞেস করলে বলতো, একদিন দেখবে আমি কী বানাইছি। সারাদেশের মানুষ দেখবে। গত চার বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতি বছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে। এবার সফল হয়েছে। গতকাল ৫০ ফুট ওপরে উড়তে পারে। তার গবেষণা করার ইচ্ছে আছে।”
যমুনা নদীর চরে বিমান উড্ডয়নের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন