কেন চাঁদে বোমা বিস্ফোরণ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র?

১৯৫০ এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষনার দৌড়ে এগিয়ে ছিল। ১৯৫৭ সালে তারা প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ১ উৎক্ষেপণ করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র।

রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধ যখন তুঙ্গে তখন আর সব কিছুর মতো মহাকাশ জয় নিয়েও তাদের মধ্যে চলছিল তীব্র প্রতিযোগিতা। সেই সময়ে যুক্তরাষ্ট্র এক চমকপ্রদ পরিকল্পনা করেছিল।
সেটা হলো, চাঁদে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো।

নিজেদের শক্তি ও সক্ষমতা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা করেছিল। দেশটি প্রজেক্ট এ ১১৯ নামে একটি গোপন প্রকল্প হাতে নেয়। এর উদ্দেশ্য ছিল চাঁদে বোমা বিস্ফোরণ ঘটানো।

যুক্তরাষ্ট্র চাঁদে বিস্ফোরণ ঘটিয়ে অতি উজ্জ্বল আলোর ঝলক তৈরি করতে চেয়েছিল, যেন তা পৃথিবী থেকে খালি চোখেই দেখা যায়। আসলে এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নসহ গোটা বিশ্বকে হতবাকও ও ভীত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র।

এই প্রকল্পে হাইড্রোজেন বোমা ব্যবহারের ইচ্ছে ছিল যুক্ত্ররাষ্ট্রের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে হিরোশিমা ও নাগাসাকিতে যে বোমা ব্যবহার করেছিল, তার তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল এই বোমা। টার্মিনেটর লাইন নামে চাঁদের আলোকিত ও অন্ধকার অংশের সীমান্তে এই বোমা বিস্ফোরণের করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র।

শেষমেশ এ প্রকল্প আলোর মুখ দেখেনি। এরসঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি ছাড়া কাকপক্ষীও জানতে পারেনি। তবে ১৯৯০ দশকে বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান একটা লেখায় এ প্রকল্পের কথা উল্লেখ করেন। তারপরই বিশ্ববাসী এ বিষয়ে জানতে পারে।

এতদূর এগিয়ে নেওয়ার পরও প্রকল্প থেমে যায়। গবেষকেরা হিসাব করে দেখেন, অ্যাটম বোমার বিস্ফোরণ ঘটালে চাঁদের পরিবেশে বিপর্যয় নেমে আসবে। সে সময় যুক্তরাষ্ট্র চাঁদে ভবিষ্যৎ মানব অভিযানের কথাও ভাবছিল। অ্যাটম বোমা বিস্ফোরণ করলে সেখানে মানব অভিযান অসম্ভব হয়ে যেত।

এ সময় তারা বিকল্প প্রকল্পটির ব্যাপারে বেশি মনোযোগ দেয়। তারা পরিকল্পনা করে, চাঁদে মানুষ পাঠাবে এবং সে অভিযান সফল হলে সোভিয়েত ইউনিয়নকে মোক্ষম জবাব দেওয়া সম্ভব হবে। এরপর ১৬৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে মোট ছয়টি অভিযানে ১২ জন মার্কিন নভোচারী চাঁদের বুকে পা রাখেন।

মন্তব্য করুন