ঘরের মাঠে দর্শকের মৃত্যুতে ম্লান বায়ার্নের জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচেই হার। প্রথমে অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে এবং তারপর বার্সেলোনার কাছে ৪-১ গোলে হারের লজ্জা। যদিও এই দুই তিক্ত অভিজ্ঞতা কাল রাতে ঠিকই কাটিয়ে উঠেছিলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে জয়ের খরাটা কাটালেও নিজেদের এক সমর্থকের মৃত্যুতে আনন্দ ম্লান হয়ে যায়।

বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ ও ক্লাবটির সমর্থকগোষ্ঠী ‘ক্লাব এনআর. ১২’ জানিয়েছে, ম্যাচ শুরু হওয়ার ৩ মিনিট পরেই আলিয়াঞ্জ অ্যারেনার দক্ষিণ পাশের গ্যালারিতে (জার্মান ভাষায় সুডকুর্ভে নামে পরিচিত) বসা এক সমর্থক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ওই অংশে নেমে আসে নীরবতা।

ওই সমর্থকের আশপাশে থাকা অন্য সমর্থকেরা প্যারামেডিক ও পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে প্রায় আধা ঘণ্টা পর একটি স্ট্রেচারে করে তাঁকে স্টেডিয়ামের বাইরে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই সমর্থকের নাম–পরিচয় কোনো সংবাদমাধ্যম এখনো জানাতে পারেনি।

এদিকে বায়ার্ন ভক্তের মৃত্যুর ওই খবরে আলিয়াঞ্জ অ্যারেনায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সমর্থকরা স্লোগান বন্ধ করে দেন।

এরপর বায়ার্নের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে জরুরি চিকিৎসার প্রয়োজন পড়ায় ম্যাচটা শুরুর পরপরই আড়ালে চলে যায়। স্টেডিয়ামের ওই অংশের সমর্থকেরা যতটা উল্লসিত থাকেন, পরিস্থিতি বিবেচনা করে তাঁরা অতটা উল্লাস করেননি। ক্লাবও ম্যাচের কভারেজ কমিয়ে দেয়।’

সমর্থকের মৃত্যুতে শোক জানিয়ে বায়ার্ন আরও লিখেছে, ‘রেফারি শেষ বাঁশি বাজানোর ঘণ্টাখানেকের মধ্যে জার্মানির রেকর্ড চ্যাম্পিয়নরা দুঃসংবাদটি জানতে পারে। হাসপাতালে নেওয়ার পথে আমাদের এক সমর্থক মারা গেছেন। ওই সমর্থকের স্বজনদের পাশাপাশি বায়ার্নও শোকে মুহ্যমান।’

বায়ার্ন সমর্থকগোষ্ঠী ‘ক্লাব এনআর. ১২’ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘(একজন সমর্থকের) জরুরি চিকিৎসার প্রয়োজন পড়ায় আমরা আজ (গত রাতে) দলকে স্বাভাবিক সমর্থন জানাতে পারছি না। আগে জীবন, পরে খেলা। তার পরিবারের সবাই এবং বন্ধুরা যেন শক্ত থাকতে পারে, আমরা সেই কামনা করছি।’

এদিকে এইদিন ম্যাচের ৬৭ মিনিটে বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি করেন জামাল মুসিয়ালা। হ্যারি কেইনের অ্যাসিস্টে মুসিয়ালা বিপক্ষ দলের জালে বল জড়ালেও খেলোয়াড় এবং সমর্থকেরা উদযাপন থেকে বিরত থাকে।

মন্তব্য করুন