২২শে জানুয়ারি, ২০২৬

দুই পাকিস্তান ক্রিকেটারের শাস্তি চায় ভারত

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মাঠের লড়াই হয়েছে একপেশেই। তবে গ্রুপ পর্ব আর সুপার ফোরের ম্যাচে বিভিন্ন কারণে উত্তেজনা ছড়িয়েছে অনেক বেশিই। শেষ ম্যাচে পাকিস্তান পেসার হারিস রউফ আর ওপেনার সাহিবজাদা ফারহানের অঙ্গভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে অনেক। এবার সে অভিযোগেই এ দু’জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সংবাদসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুধবার মেইলে আইসিসির কাছে এ অভিযোগ দায়ের করে বিসিসিআই।

ফারহান ও রউফ যদি অভিযোগ অস্বীকার করেন তবে বিষয়টি শুনানি পর্যন্ত গড়াতে পারে। গত রোববার সুপার ফোরের খেলায় ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তবে শুনানি হতে পারে টুর্নামেন্টের আরেক ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে প্রথম দেখার দিন পাইক্রফটকে নিয়ে আপত্তি তোলে পাকিস্তান। পরের ম্যাচে ফিফটি করে ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার মতো অঙ্গভঙ্গি করে উদযাপন করেন ফারহান।

এটিকে ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে ইঙ্গিত মনে করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে এ পাকিস্তান ব্যাটার বলেন ‘সেটি ওই মুহূর্তে মাথায় এসেছিল। আমি ফিফটির পর খুব একটা উদযাপন করি না। তবে হঠাৎ মনে হলো, এই ম্যাচে করব। তাই করেছি। কে, কীভাবে নিয়েছে আমি জানি না। তাতে আমার কিছু যায়-আসে না।’
রউফের ঘটনাটি সীমানায় ফিল্ডিংয়ের সময়। সে সময় দর্শকদের দিকে ঘুরে তিনি হাত দিয়ে এরকম ইঙ্গিত করেন যে, বিমান উড়তে উড়তে ভূপাতিত হয়ে যাচ্ছে। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর, ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি পাকিস্তান করে, এমন অঙ্গভঙ্গিকে সেটির দিকে ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে ।

আবার বোলিংয়ে গিয়ে সঞ্জু স্যামসনকে ফেরানোর পর একই অঙ্গভঙ্গি করেন রউফ এবং দুই হাতের আঙুলে ছয় সংখ্যা দেখান। এটি পাকিস্তানের ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের দাবির দিকে ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ম্যাচ চলাকালীনই এসব অঙ্গভঙ্গিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা হয়।

গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় ও ম্যাচের পর দু’দলের অধিনায়কের করমর্দন না করা নিয়েও আলোচনা-সমালোচনা হয় প্রচুর। পাকিস্তান দাবি করে, সেদিনের ম্যাচ রেফারি পাইক্রফটই নাকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে টসের পর হাত মেলাতে বারণ করেন। সে অভিযোগে পাইক্রফট ক্ষমা চাওয়ার পরেই পরবর্তী ম্যাচে খেলে পাকিস্তান।

মন্তব্য করুন