সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে জয়শ্রী ইউনিয়নের শীমের খাল সরকারি আশ্রয়কেন্দ্রে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ধর্মপাশার শীমের খাল সরকারি আশ্রয়কেন্দ্রে ৩৪ ঘর রয়েছে। তার একটি ঘরে এমারুল তার পরিবার নিয়ে থাকতেন। প্রতিদিনের মতো গতরাতেও তিনি এবং তার স্ত্রী পলি আক্তার, চার সন্তান– ৯ বছরের পলাশ, ৭ বছরের ফরহাদ, ৫ বছরের মেয়ে ফাতেমা ও ৩ বছরের শিশুসন্তান ওমর ফারুককে নিয়ে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তাদের ঘরে আগুন ধরে যায়। আটকে পড়াদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে এমারুলের পরিবারের কেউ আর বেঁচে ছিলেন না।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানিয়েছেন, কীভাবে আগুনে সূত্রপাত এবং এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তদন্ত করে দেখা হচ্ছে।