মেজবা উদ্দিন : জেলা প্রতিনিধি
নড়াইল জেলার দুর্গাপুর মধ্যপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণ করেন। এসময় এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একত্রিত হন।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ইউনিটের জয়েন্ট সেক্রেটারি বাপ্পা, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব, শাহাদাত মাজেদিয়া কামেল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আশিক, নড়াইল কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি তামিম এবং নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি হামিম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ—আক্কাস, আয়নাল, মুসা শেখসহ অনেকে।
এসময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীর সন্ধানে মিন্টু নামক এক ব্যক্তির বাড়িতে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, তার বাসায় দীর্ঘদিন ধরে শামীম নামের এক ব্যক্তি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে সবাই একত্রিত হয়ে সেখানে অবস্থান নেন।
পরিস্থিতির প্রেক্ষিতে বাড়ির মালিক মিন্টু সকলের সামনে প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে তিনি তার বাড়িতে শামীমকে আর থাকতে দেবেন না এবং এ ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবেন না।
এলাকাবাসী জানান, তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন।