নেইমারকে তাচ্ছিল্য করলেন তার শৈশব ক্লাবের প্রেসিডেন্ট

সময়টা একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। তার প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ না থাকলেও বারবার ইনজুরিতে পড়ার প্রবণতা ভাবিয়ে তুলছে তার দলকে।

এবার নেইমারের শৈশবের ক্লাব পালমেইরাসের সভাপতি তির্যক এক মন্তব্য করেছেন।

মূলত সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক শেষে নেইমারের এই ক্লাবে চলে আসার গুঞ্জনের মধ্যে সান্তোসের নগরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের ৬০ বছর বয়সী নারী সভাপতি লেইলা পেরেইরা জানিয়েছেন, ‘আমি এমন একজন খেলোয়াড়ের পেছনে অর্থ ঢালতে চাই যে সঠিক পথে আসতে পারে। যদি কোচ সিদ্ধান্ত নেয় সে আগামীকালই আসতে পারে। পালমেইরাস একটা মেডিক্যাল ডিপার্টমেন্ট নয়। এমন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে আগ্রহী নই, যে পালমেইরাসের হয়ে সঙ্গে সঙ্গে খেলতে না পারে।’

যদিও তিনি নেইমারের প্রশংসাও করেছেন।

ক্রীড়া সংগঠক ও ব্যবসার পাশাপাশি আইনজীবী হিসেবে পরিচিত পালমেইরাস সভাপতি বলেছেন, ‘না, সে এখানে আসতে চায় না (পালমেইরাস)। সে দারুণ এক খেলোয়াড়। সে সান্তোসে যাবে। এতে কোনো অসুবিধা নেই। তবে আমি ঠিক জানি না (সান্তোসে যাবে কিনা)। সান্তোসকেই জিজ্ঞেস করতে হবে।’

উল্লেখ্য, দীর্ঘ এক বছর পর চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছিলেন নেইমার। যদিও ফিরতে না ফিরতেই আবার এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই তারকা ফুটবলার।

মন্তব্য করুন