২২শে জানুয়ারি, ২০২৬

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার


ঢাকার পল্লবী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, হেরোইন ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান’র তত্ত্বাবধানে পল্লবী থানার একাধিক চৌকস টিম ও সেনাবাহিনীর সমন্বয়ে গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ডি এলাকার পূর্ব কুর্মিটোলা ক্যাম্প সংলগ্ন শাহজাদি বেগমের বাসায় পরিচালিত হয়। অভিযানে ওই বাসা থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এ সময় শাহজাদি বেগম (৪০), রনি (৪০), মো. ইমলাম (৪৫) ও তাদের সহযোগী বেলি (৩২)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সবাই পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহজাদি বেগম দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তিনি পল্লবীসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন ও গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন,
“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পল্লবী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য করুন