২০শে এপ্রিল, ২০২৬

পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ।

মেজবা উদ্দিন, নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারাকে কেন্দ্র করে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে জেলার সব ফিলিং স্টেশন একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে নড়াইল পেট্রোল পাম্প মালিক সমিতি।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু। তিনি জানান, সদর উপজেলার তুলারামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দার হত্যার ঘটনায় জেলার ১০টি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে।
এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তানভীর ফিলিং স্টেশনের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে জিহাদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হন।
নিহত নাহিদ সর্দার (৩০) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম (২৯) একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন তিনি।
পরে রাত ২টা ২০ মিনিটে দায়িত্ব শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নাহিদের পিছু নেন ওই ট্রাকচালক। পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে ট্রাক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাহিদ সর্দার নিহত হন। এ সময় সঙ্গে থাকা জিহাদুল ইসলাম গুরুতর আহত হন।
আহত জিহাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ট্রাকচালক ও গাড়িটি আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন