মোঃ নাজিম উদ্দিন:
নতুন বেতন কাঠামো ঘোষণার পরও কমেনি গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। এতে গুরুত্বপূর্ণ দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
নতুন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
এদিকে পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।
বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি জানান, বোর্ডের ছয় সদস্যের প্রত্যেকে নিজ নিজ প্রস্তাব লিখিতভাবে জমা দেন। পরে ভোট গণনা করে দেখা যায়, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে ভোটাভুটির মাধ্যমে শেষ পর্যন্ত ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মজুরি নিয়ে আলোচনা চলে। শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাব থেকে কমিয়ে ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ আগের অবস্থান থেকে সরে এসে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়।
৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ
অন্যদিকে মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সামনে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বিকেল সাড়ে ৪টার দিকে গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স-বাংলাদেশের ব্যানারে কয়েকজন শ্রমিক নেতা মজুরি বোর্ডে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়।
উল্লেখ্য, পোশাক খাতে দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
তবে নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।





