১৪ই মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন শরীয়তপুরের শৌলপাড়া ইউনিয়নের কে এম নাজমুল হক

( শরীয়তপুর প্রতিনিধি)

কে এম নাজমুল হক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ৯ম গ্রেডের বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ বহাল থাকবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, কে এম নাজমুল হক শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামের বাসিন্দা,আব্দুল হক খানের ছেলে। ছাত্র জীবন থেকে তিনি জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কেন্দ্রীয় পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পর সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ নিয়োগের খবরে এলাকায় ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এ ঘটনাকে জেলার জন্য গর্বের ও সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, এই নিয়োগ জেলার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং ভবিষ্যতে আরও সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।

মন্তব্য করুন