রাসেল মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এম.পি)-কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে প্রেস ক্লাব মহম্মদপুর।
শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম মহম্মদপুর সফর।
প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জনাব আজিজুর রহমান টুটুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, প্রেসক্লাব মহম্মদপুর-এর এই আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই এলাকার উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তিনি আরও বলেন, মাগুরার কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এবং মহম্মদপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে মন্ত্রী মহোদয় মহম্মদপুরে পৌঁছে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। প্রেস ক্লাব মহম্মদপুর-এর সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি মহম্মদপুর আরএসকে এইচ ইনষ্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিশাল নাগরিক সংবর্ধনায় যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
