ব্যাটে নেই রান, রেকর্ডে অম্লান লিটন

ব্যাটিংয়ে চরম ব্যর্থ লিটন দাস। বছরজুড়ে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে আছেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান। গত ১২ মাসে ৮ ওয়ানডে ম্যাচে লিটনের সংগ্রহ মাত্র ৩৫ রান।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও একই অবস্থা। সবশেষ চার ম্যাচে আউট হয়েছেন ৪, ১৪, ৪২ ও ০ রান করে।

ব্যাট হাতে ব্যর্থ হওয়া লিটনকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। নেতৃত্ব পাওয়ার পরও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আজ মেরেছেন গোল্ডেন ডাক। ব্যাট হাতে নেমে শূন্য রানে ফেরেন তিনি।

তবে এই ব্যর্থতার মাঝেও উইকেটের পেছনে সফল লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসালের অনন্য নজির গড়েছেন তিনি।

সোমবার সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।

সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তার। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।

মন্তব্য করুন