রাজধানীর কোতোয়ালি থানার গোলকপাল লেনের একটি ছোট্ট ভাড়া বাসায় কষ্টে দিন কাটাচ্ছেন জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ঝালমুড়ি বিক্রেতা মনিরুল ইসলাম অপুর পরিবার। ৫ আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন মনিরুল। তারপর থেকে তার স্ত্রী আমেনা বেগম (৫২) ও ছেলে রবিউল ইসলাম শাওন (২৪) বসবাস করছেন ওই বাসাতেই।
বাসাটি একটি ছোট রুমে সীমাবদ্ধ, যেখানে খাট, আলমিরা বা কোনো আসবাবপত্র নেই। রাতে থাকার জন্য নেই কোন লেপ বা তোষক। এই শীতের মধ্যেও তাদের এই ভাবেই কাটছে রাত।
রুমের দেয়াল ভাঙাচোরা, স্যাঁতস্যাঁতে পরিবেশে দিন কাটাতে হচ্ছে তাদের। ঘরটির ভাড়া ৬ হাজার টাকা, কিন্তু শহিদের মৃত্যু পরবর্তী অর্থনৈতিক অসচ্ছলতায় বাসাভাড়া ৫ মাস বাকি রয়েছে। অবস্থা এতটাই খারাপ যে বাড়ির মালিক বাসা ছেড়ে দিতে বলেছেন।
মনিরুলের মৃত্যুর পর তার পরিবার একা হয়ে পড়েছে। ছেলে শাওন বলেন, আমরা থাকার জন্য একটা খাট, খাবার বা কাজের সুযোগ কোথাও পাচ্ছি না। শুনছি অনেক পরিবার সাহায্য পাচ্ছে, কিন্তু আমরা এখনো কিছুই পাইনি।
মনিরুল ইসলাম অপু ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার মৃত্যুর পর, শাওন বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করলেও স্থায়ী কাজ পায়নি, এবং তার মা আমেনা বেগমও কঠিন পরিস্থিতিতে পড়েছেন।
শাওন বলেন, আমার বাবা হত্যার বিচার চাই। যারা আমাদের এত কষ্ট দিয়েছে, তাদের বিচার হোক। সরকার যদি আমাকে একটা চাকরি দেয়, তাহলে আমি আমার মাকে নিয়ে বেঁচে থাকতে পারব।
শহীদ মনিরুলের স্ত্রী আমেনা বেগম বলেন, আমার পরিবার খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমরা কোনও সাহায্য পাইনি। আমি চাই, আমাদের জন্য কিছু ব্যবস্থা করা হোক।
সেদিনে বর্ণনা দিয়ে আমেনা বেগম বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর আমার স্বামী ভেবেছিলেন সব স্বাভাবিক হয়ে গেছে। আর গোলা-গুলি হবে না কোথাও। কিন্তু সেই দিন গভীর রাত পর্যন্ত বংশাল চৌরাস্তায় গোলাগুলি হলো। খবর শুনে ছুটে যাই লোহার গেটে। গিয়ে দেখি আমার স্বামী পড়ে আছে। অনেক রক্ত বের হচ্ছে। আমি আমার স্বামীকে পানি খাওয়াই। পরে আমার ছেলে ওর বাবার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
শহিদ মনিরুল ইসলামের শ্যালক মো. খোকন বলেন, এরা নিঃস্ব, কেউ তাদের দেখভাল করছে না। আমি যতটুকু পারি সাহায্য করছি। তবে সরকারের পক্ষ থেকে যেন এই পরিবারটির জন্য কিছু করা হয়।





