১৩ই জুন, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

মুন্সিগঞ্জে শিশু তকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

মুন্সিগঞ্জে আলোচিত শিশু তকির হত্যা মামলায় ৫ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মোহাম্মদ আলমগীর এ রায় দেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- রবিউল্লাহ, হান্নান মিয়া, আবুল হোসেন,ময়না মিয়া ও আনোয়ার হোসেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১০ সালের ৩১ আগস্ট সকালে মুন্সিগঞ্জ সদরের ফুলতলা এলাকায় দশ বছরের শিশু তকিরকে বাড়িতে রেখে তার বাবা-মা মুন্মিগঞ্জ শহরের মার্কেটে যায়। পরে বিকেল ৪ টার দিকে বাড়িতে ফিরে এসে তকিরকে না পেয়ে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে।

কোথাও খুঁজে না পেয়ে ঘটনার পরের দিন ১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে অপহরণ মামলা দায়ের করেন তকিরের মা ঝর্ণা বেগম।

এদিকে ঘটনার তিনদিন পর ২ সেপ্টেম্বর বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু তকিরের মরদেহের সন্ধান মেলে।

ওই হত্যাকাণ্ডের সাঙ্গে জড়িত সন্দেহে ৩ নভেম্বর পাশের এলাকার চিহ্নিত চোর রবিউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একে একে এই ঘটনায় জড়িত আরও চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে তকির গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার জন্য তকিরকে সংঘবদ্ধভাবে অপহরণ করে হত্যা করা হয় বলে জবানবন্দিতে স্বীকার করে রবিউল্লাহসহ অন্য আসামিরা।

দীর্ঘ প্রায় ১৪ বছর বিচারকার্য শেষে আসামিদের জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার তিনজন আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন। তবে পলাতক রয়েছে মামলার দুই আসামি রবিউল্লাহ ও হান্নান মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু। তিনি জানান, এ রায়ে সন্তুষ্ট তকির পরিবার।

মন্তব্য করুন