১৭ই ফেব্রুয়ারি, ২০২৬

লাউ চাষে কৃষক মজলু মিয়ার সফলতার হাসি

মজলু মিয়ার সফলতার হাসি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে এবছর লাউ চাষ করে বেশ লাভবান হচ্ছে কৃষকরা।
কটিয়াদী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাহেতেরটেকি গ্রামে প্রায় ১০০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন কৃষক মজলু মিয়া। প্রায় ৯০ হাজার টাকা খরচ হয়েছে এ চাষাবাদ করতে। এখন পর্যন্ত চারলক্ষ টাকার লাউ বিক্রি করতে পেরে সফলতার হাসি ফুটেছে এই কৃষকের মুখে। বেশ কয়েকমাস ধরে বাজারে সবজির দাম চড়া ছিলো। বাজারে নতুন নতুন সবজি আসতে থাকায় কিছুটা দাম কমেছে বলে জানান স্থানীয় কৃষকরা। কৃষক মজলু মিয়ার জমিতে এখনো যে পরিমাণ লাউ রয়েছে তা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা যাবে বলে জানান এই প্রতিবেদককে।

মজলু মিয়া জানান, এ বছর লাউয়ের ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়া যাওয়ায় তিনি অনেক লাভবান হয়েছেন।
পাইকারি বাজারে প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করে তিনি চারলক্ষ টাকার উপরে বিক্রি করেছেন। খরচ বাদ দিয়ে তিন লক্ষ টাকার মতো লাভ হয়েছে এই সিজনে।
মজলু মিয়ার লাউ চাষে সফলতা দেখে আরেক কৃষক সোহেল মিয়া বলেন, এলাকায় লাউ চাষে সফলতার কথা শুনে দেখতে আসলাম। আমিও আগামীতে তার মতো চাষ করবো।

জানা যায়, মজলু মিয়া লাউ চাষের পাশাপাশি ক্ষীরা, শসা, গোল আলু ও অন্যান সবজি চাষ করেন। তবে তিনি জানান, কৃষি বিভাগ থেকে যদি সরকারি সহযোগিতা পান তিনি তার চাষাবাদ আরো বিস্তৃত করতে পারবেন। তিনি আগামী সিজনে আরো বেশি করে লাউসহ শীতকালীন সবজি চাষ করবেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলার কৃষি উপসহকারি মনিরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আমরা সবসময় কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে আসছি। তাদের খোঁজ খবর রাখছি। এ অঞ্চলে কৃষি চাষাবাদে আরো ভালো ফলনের জন্য আমরা বরাবরই চেষ্টা করে আসছি।

মন্তব্য করুন