সাভারে অজ্ঞান পার্টির কবলে ‘রূপবানী’র সহকারী সম্পাদক নূর হোসাইন; সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ

 

​নিজস্ব প্রতিবেদক:

সাভারে অজ্ঞান পার্টির চক্রের শিকার হয়েছেন দৈনিক ‘রূপবানী’ পত্রিকার সহকারী সম্পাদক নূর হোসাইন। গত ১১ নভেম্বর সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। চক্রের ফাঁদে পড়ে দীর্ঘ দুই দিন অজ্ঞান থাকার পর বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি চিকিৎসাসেবা না দিয়ে চরম অবহেলার অভিযোগ তুলেছেন এই সাংবাদিক।

​ভুক্তভোগী নূর হোসাইন জানান, গতকাল সকাল ১১টা ৮ মিনিটের দিকে তিনি হেমায়েতপুর ওভারব্রিজের নিচে দাঁড়িয়েছিলেন। এ সময় গাবতলী হয়ে আবদুল্লাহপুরগামী একটি কালো যাত্রীবাহী বাস তাঁর সামনে থামলে তিনি তাতে ওঠেন। গাড়িতে ওঠার পর একজন মুরুব্বি তার কাছে আমাড়া বিক্রির প্রস্তাব দেন, এর পর নূর হোসাইন অল্প বিট লবন দিতে বলেন কিন্তু তিনি বেশি করে লবন দিয়ে ভাল করে মেখে দিয়ে বলেন সমস্যা নেই বিট লবন বেশি খেলে। ভেতরে তাঁর পাশে বসা এক যুবক বারবার তাঁর গন্তব্য সম্পর্কে জানতে চান। তিনি গাবতলীর কথা জানান। কিছুদূর যাওয়ার পর গাবতলীর ‘আল্লাহ করিম’ হোটেলের সামনে পৌঁছলে ওই যুবক তাঁকে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য তাগাদা দেন। তখন ওই যুবকের আচরণে তাঁর সন্দেহ হয় যে, তিনি অজ্ঞান পার্টির কোনো সিন্ডিকেটের সদস্য হতে পারে।

​কোনো রকমে গাবতলী মাজার রোড হয়ে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তিনি বাসায় ফেরেন। বাসায় পৌঁছানোর পর বিছানায় শোয়ামাত্রই তাঁর আর কোনো জ্ঞান ছিল না।

​পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় তাঁর স্ত্রী তাঁকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসকরা কোনো ধরনের চিকিৎসাসেবা না দিয়ে তাঁকে মেঝেতে ফেলে রাখেন। দীর্ঘ সময় ধরে আকুতি জানিয়েও কোনো সুচিকিৎসা না পেয়ে রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর বাধ্য হয়ে তাঁকে আবার বাসায় ফিরিয়ে আনা হয়।

​আল্লাহর অশেষ রহমতে জ্ঞান ফিরে আসলেও নূর হোসাইন এখন অত্যন্ত দুর্বল এবং একা একা হাঁটতে পারছেন না।

​এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নূর হোসাইন বলেন, “সরকারি হাসপাতালে যদি এমন চরম অবহেলা ও অমানবিক আচরণের শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ কোথায় গেলে সুচিকিৎসা পাবে? জনগণের টাকায় চলা স্বাস্থ্যসেবা এমন হতে পারে না।”

​তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মন্তব্য করুন