সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করলেন পেপ গার্দিওলা। নতুন চুক্তি অনুযায়ী আরও দুই বছর সিটিজেনদের ডাগআউটেই দাঁড়াবেন তিনি। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

চলতি মৌসুম শেষেই সিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল গার্দিওলার। পরে জানা যায়, এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে চলেছেন এই স্প্যানিশ কোচ। এছাড়া আরও এক মৌসুম চাইলে মেয়াদ বাড়াতে পারবেন তিনি। তবে সিটি জানিয়েছে, দুই বছরের জন্যই নতুন চুক্তি হয়েছে দুই পক্ষের।

চুক্তি নবায়নের পর বিবৃতিতে গার্দিওলা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। এখানে এটি আমার নবম মৌসুম, আমরা একসঙ্গে অনেক দারুণ সময় পাড় করেছি। এই ফুটবল ক্লাবটির জন্য আমার সত্যিই একটি বিশেষ অনুভূতি রয়েছে। এই কারণেই আরও দুটি মৌসুম থাকতে পেরে আমি খুব খুশি।’

সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারক এক বিবৃতিতে বলেছেন, ‘প্রত্যেক সিটির ভক্তের মতো, আমিও আনন্দিত যে ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপের (গার্দিওলা) যাত্রা অব্যাহত থাকবে। তার উত্সর্গ, আবেগ এবং উদ্ভাবনী চিন্তাভাবনাকে খেলাটিকে ধারাবাহিক রাখবে। উন্নতি এবং সাফল্যের জন্য তার ক্ষুধা অতৃপ্ত রয়ে গেছে এবং এর সরাসরি সুবিধাভোগীরা আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফ।’

মন্তব্য করুন