মোঃ এমদাদুল হক, নারায়নগঞ্জ:
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার জনবহুল সিদ্ধিরগঞ্জ থানা এলাকা দেশের অন্যতম শিল্পাঞ্চল ও ব্যবসায়িক জোন হিসেবে পরিচিত। রাজধানীর প্রবেশদ্বার হিসেবে খ্যাত এ অঞ্চলের চট্টগ্রাম রোড দিয়ে প্রতিদিন অন্তত আঠারো জেলার মানুষের যাতায়াত হয়। ফলে ঘনবসতি ও ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এখানকার বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে অশান্ত এলাকা ও মাদক ব্যবসায়ীদের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জে সম্প্রতি পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম যোগদানের পর থেকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় এসআই ওয়াসিম, এসআই মাহাতাব, এএসআই রাশেদুল, এসআই অলিউল্লাহ, এসআই আতাউর, এসআই শামীম রেজা, এএসআই সুলতানসহ একদল চৌকস ও নীতিবান অফিসার দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছেন।
এ পর্যন্ত পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে রেকর্ড পরিমাণ মাদক। এতে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের মতে, পুলিশের এ ধারাবাহিক পদক্ষেপ অব্যাহত থাকলে সিদ্ধিরগঞ্জ খুব দ্রুতই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযানে জনজীবনে নতুন আস্থা ফিরেছে।
এই বিষয়ে ওসি শাহীনূর আলম বলেন, আমরা জনগণের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করছি। মাদক, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস—কোনও কিছুতেই ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সিদ্ধিরগঞ্জে চলমান এ অভিযান দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আপাতত স্থানীয় মানুষের মতামত পুলিশের এই উদ্যোগ এলাকাবাসীর জীবনে আস্থা ও স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।