এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ আটকে গিয়েছিল বার্সেলোনার অফসাইডের ফাঁদে। এবার সেই ফাঁদে পা দিলো এস্পানিওলও। ফলাফল হার নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে।
আজ রোববার (৩ নভেম্বর) ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন দানি ওলমো। অপর গোলটি এসেছে রাফিনিয়ার পা থেকে।
লুইস কোম্পানিসে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। লামিন ইয়ামালের দুর্দান্ত এক পাস থেকে গোল করেন ওলমো। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে মার্ক কাসাদোর চোখ ধাঁধানো পাস ধরে স্কোরশিটে নাম তোলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
প্রথমার্ধেই তৃতীয় গোলটি পেয়ে যায় বার্সা। অফসাইডে ২৮ মিনিটে এস্পানিওলের প্রথম গোল বাতিলের তিন মিনিট পর আলেক্স বালদের পাস থেকে ব্যবধান ৩-০ করেন ওলমো।
তিন গোলে পিছিয়ে থাকা এস্পানিওল দ্বিতীয়ার্ধে ভালোই পরীক্ষা নেয় বার্সেলোনার। শুরুতেই পেয়ে যায় গোলও। তবে এবারও সেই ‘অফসাইড ট্র্যাপ’। ৫৮তম মিনিটে আরও একটি গোল বাতিল হয় অতিথিদের। যদিও ৬৩তম একটি গোল শোধ দেয় কাতালান অঞ্চলের এই ক্লাব। গোল করেন জাভি পুয়াদো। গোলটি শেষ পর্যন্ত সান্ত্বনাসূচকই হয়ে থাকে এস্পানিওলের জন্য।
এ জয়ে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও পোক্ত করলো বার্সেলোনা। ১ ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।