কেন ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করলেন ইলন মাস্ক?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ধনকুবের ইলন মাস্ক। গত শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে ইলন এই মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ওপেনএআই অসাধু কার্যকলাপের মাধ্যমে বাজার প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে।

ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান, ওপেনএআইয়ের সাবেক বোর্ড সদস্য ও লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং ওপেনএআইয়ের সাবেক বোর্ড সদস্য ও মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ডি টেম্পলটনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

মামলার নথিতে বলা হয়েছে, ওপেনএআই ইচ্ছাকৃতভাবে তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করার চেষ্টা করছে। মাস্কের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নথিতে।

মাস্কের আইনজীবীদের দাবি, ‘ওপেনএআইয়ের অলাভজনক চরিত্র রক্ষা করার পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করা এখন সময়ের দাবি। তা না হলে প্রতিষ্ঠানটির নৈতিক অবস্থান চিরতরে হারিয়ে যাবে।’

এদিকে ওপেনএআই ইলন মাস্কের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, ‘ইলনের এই অভিযোগগুলো পুরোনো ও ভিত্তিহীন। এর কোনো যৌক্তিক ভিত্তি নেই।’

মন্তব্য করুন