খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে  গণ সংবর্ধনা দিলেন ডিমলাবাসী 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার ভাগনে, নীলফামারী জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি সদ্য কারামুক্ত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারীর ডিমলায় গণসংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে  রোববার (১৮ মে) বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে এই আয়োজন করে ডিমলা উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ।
এতে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা বিএনপি সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বিশেষ বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক জহুরুল আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইসুল আলম চৌধুরী প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের প্রস্তাব আপনাদের সামনেই তুলে ধরেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন যতদূর সম্ভব সংস্কার সংক্ষিপ্ত করে একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।
তিনি আরো বলেন, আল্লাহর রহমতে আমি যদি ডোমার ডিমলায় এমপি নির্বাচিত হই ১৭ বছরেই যে কাজ আওয়ামী লীগ করেছে তার চেয়ে অল্প সময়ে দ্বিগুণ কাজ করে দিবো ইনশাআল্লাহ।
উপজেলার বিএনপি’র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য শেষে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন