টেনিস কোর্টে পথচলা শেষ হলো কিংবদন্তি রাফায়েল নাদালের। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে স্পেন। তার দলের বিদায়ে ইতি ঘটলো নাদালের বর্ণাঢ্য ক্যারিয়ারেরও।
ডেভিস কাপের প্রথম সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্পের কাছে হারেন নাদাল। তবে কার্লোস আলকারাজ আরেকটি সিঙ্গেলসে জয় পাওয়ায় আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল নাদালের। তবে ফল নির্ধারণী ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্প ও ওয়েসলি কুলহফের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় নিশ্চিত হয়।
২০০১ সালে পেশাদার টেনিস নাম লেখান নাদাল। এরপর কোর্টে একের পর এক ইতিহাস গড়েন এই স্প্যানিয়ার্ড। ক্যারিয়ারে ২২ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা সবচেয়ে বেশি ১৪ শিরোপা জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে।
গত কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লড়াই করে আসছেন নাদাল। গত বছর এই চোটের কারণে দীর্ঘ সময় ছিলেন কোর্টের বাইরে। গত অক্টোবরে অবসরের ঘোষণা দেন নাদাল। জানিয়ে দেন, ডেভিস কাপ খেলার পর টেনিসকে বিদায় জানাবেন। সেই ঘোষণার বাস্তবায়ন হলো মালাগার কোর্টে।
বিদায়ের পর আবেগাপ্লুত নাদাল দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ২০ বছরে ভালো-মন্দ সময়গুলোতে আপনারা আমার পাশে ছিলেন। এই দীর্ঘ ক্যারিয়ার সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য।
তবে শারীরিক অবস্থাই তাকে বিদায় নিতে বাধ্য করেছে, সেটিও স্পষ্ট করেছেন নাদাল। তিনি বলেন, আমি খেলা চালিয়ে যেতে ক্লান্ত নই, তবে আমার শরীর আর সায় দিচ্ছে না। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, এতদিন নিজের ভালোবাসার কাজকে পেশা হিসেবে রাখতে পেরেছি।


