আওয়ামীলীগের প্রভাব বিস্তার ও উৎকোচের বিনিময়ে প্রণোদনা ও সম্মাননা নেয়ার অভিযোগ স্নেহা ও স্বপ্ন রিহ্যাব সেন্টারের।।
নেশায় আসক্ত যুবকদের স্বল্প ব্যয়ে সুস্থ জীবনে ফেরাতে বঞ্চিত রিহ্যাব সেন্টারগুলোই শীর্ষে
আহসান হাবিব মিলন
মাদকাসক্ত নিরাময় কেন্দ্র মানেই মাদকাসক্তদের জেলখানা, খানে আসামি না হয়েও জেলখানার মতোই কারাবন্দী হয়ে থাকতে হয় রোগীদের। সেই সাথে নিয়ম না মানলেই চলে শারীরিক নির্যাতন।
রংপুরে শান্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র,আলোর ভুবন,বাঁধন,রেঁনেসা, সুস্থ জীবন,রংপুর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রসহ একাধিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র (রিহ্যাব) সেন্টার রয়েছে রংপুরে। এসব মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অধিকাংশ উদ্যোক্তা একসময়ে ছিলেন মাদকাসক্ত। অতীত অন্ধকার পথ থেকে বেড়িয়ে তারা এখন নিজেরাই পথভ্রষ্ট মাদকাসক্তদের স্বল্প ব্যয়ে
স্বাভাবিক জীবনে ফেরাচ্ছেন। বর্তমানে মাদক হিসেবে সেবন করছে হিরোইন, মরফিন,ফেনসিডিল, ইয়াবা গাঁজা, মদ, ড্যান্ডি ঘুমের ঔষধ, বেদনানাশক ট্যাবলেটের পাশাপাশি ছেলে ও মেয়েরা ঝুঁকছে টাপেন্ডা ডল উরফে তাপাল নামক ট্যাবলেটে। বর্তমানে রংপুরে অধিকাংশ (রিহ্যাব)সেন্টারগুলোতে তাপাল নামক ট্যাবলেট সেবনে আসক্ত রোগীর সংখ্যা বেশি।
তবে দিনে দিনে ক্রমাগত ভাবে বাড়ছে নারী মাদকাসক্তদের সংখ্যা। বিগত সরকার মাদকের উপর জিরো টলারেন্স জারি করলেও এখন পর্যন্ত অবাধে চলছে নিষিদ্ধ ঘোষিত মাদক বিক্রি। সেক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ প্রশাসনের অন্যান্য লোকজনকে সচেতন মহল দেখেছেন বাঁকা চোখে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও মাদক বিক্রেতার কাছ থেকে প্রতি সপ্তাহে নেয়া হয় মোটা অংকের চাঁদা। আর চাঁদা না দিলেই চলে অভিযান।
বিভিন্ন তথ্য সূত্র ও সরেজমিনে গিয়ে জানা গেছে, নেশায় আসক্ত যুবকদের স্বল্প ব্যয়ে সুস্থ জীবনে ফেরাতে শান্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র,
আলোর ভুবন, বাঁধন, সুস্থ জীবন, রংপুর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রসহ একাধিক রিহ্যাব সেন্টার সরকারের অনুদানের তালিকায় থাকার কথা থাকলেও রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন মোটা অর্থের বিনিময়ে আওয়ামী দলীয়করণ প্রতিষ্ঠান স্নেহা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্বপ্ন রিহ্যাব সেন্টার ও জীবনের আলোসহ ৩ টি প্রতিষ্ঠানকে অনুদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করে। আর ওই সম্মাননাকে পুঁজি করে তারা বিজ্ঞাপন আকারে সারাবছর প্রচার-প্রচারণা চালিয়ে নিজেকে পরিপাটি দেখিয়ে নেশায় আসক্তদের অভিভাববৃন্দ’র নিকট ৩ মাসের কোর্স ফি নেয়া হয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। এর পরেও ওই প্রতিষ্ঠান ৩টি থেকে সুস্থ জীবনে ফেরার সংখ্যা বঞ্ছিত রিহ্যাব সেন্টারগুলোর তুলনায় অনেক কম।
সুবিধা বঞ্চিত রিহ্যাব সেন্টার ও সচেতন মহলের দাবি, সরকারি অনুদান ও সম্মাননা দেয়ার আগে পক্ষপাত নয়-ভালো ভাবে যাচাই বাছাই করে দেয়া হোক প্রণোদনাসহ সম্মাননা।
এ বিষয়ে শান্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম লিমন প্রতিবেদককে বলেন,আমার প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ কম খরচে এ পর্যন্ত ১ হাজারের বেশি নেশায় আসক্ত যুবকদের সুস্থ জীবনে ফেরাতে সক্ষম হয়েছি। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরও ভালো কিছু করতে পারবো বলে আমার বিশ্বাস।
আলোর ভুবন’র ব্যবস্থাপনা পরিচালক এম.আর মোস্তাফিজ আক্ষেপ নিয়ে প্রতিবেদককে বলেন, রংপুরে যতগুলো রিহ্যাব সেন্টার রয়েছে তার সবকয়টি প্রতিষ্ঠান একই নিয়মে চললেও প্রশাসনের কথিত লোকজন তাদের মনগড়া প্রতিষ্ঠানকে প্রণোদনাসহ সম্মাননায় ভূষিত করা হয়। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে এবং সবকয়টি প্রতিষ্ঠানকে প্রণোদনার আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।
অপরদিকে সরকারি সুবিধাভোগী রিহ্যাব সেন্টারগুলো ভুক্তভোগী অভিভাবকদের কাছ থেকে ৩ মাসের কোর্স ফি বাবদ অধিক অর্থ নিলেও
মানগত সেবায় রয়েছে তারাই পিছিয়ে। এছাড়াও সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোতে ইতিপূর্বে অনেকের ঘটেছে প্রাণহানি। এরপরেও আলোর পথে ফিরেছে এমন মাদকাসক্ত যুবক সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোতে পাওয়া অনেক দুস্কর ব্যাপার।
রংপুরে বেসরকারি রিহ্যাব সেন্টারগুলোর মধ্যে সবচেয়ে বড় রিহ্যাব সেন্টার হচ্ছে স্নেহা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। এই প্রতিষ্ঠানে সরকারের অনুমোদন প্রাপ্ত সিটের সংখ্যা ৫০টি হলেও তুলনা মুলক রোগীর সংখ্যা রয়েছে অনেক বেশি। এছাড়াও নারী মাদকাসক্তদের চিকিৎসা দেয়ার অনুমতি না থাকলেও সেই প্রতিষ্ঠানে দেয়া হচ্ছে নারীদের চিকিৎসা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে স্নেহা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনোয়ারুল কাদির মাসুম প্রতিবেদককে বলেন, আমার প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে সুনামের সাথে পরিচালনা করে আসছি। স্নেহা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ১৬ বছরে ৬ হাজার রোগীর মধ্যে ১ হাজার রোগীকে সুস্থ জীবনে ফেরাতে সক্ষম হয়েছি। আর অনিয়ম দুর্নীতি থাকলে এতদিনে প্রশাসন আমার প্রতিষ্ঠানকে বন্ধ করে দিত। আর রিহ্যাব সেন্টার অনুমতির ক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। সেবার মান ভালো বলেই সরকার আমার প্রতিষ্ঠানকে প্রণোদনা ও সম্মাননায় ভূষিত করে।
এছাড়াও সুবিধাভোগী স্বপ্ন রিহ্যাব সেন্টারের চেয়ারম্যান গুলশান আরা ইয়াসমিন একই মন্তব্য করে বলেন, আমার প্রতিষ্ঠানে সিট বরাদ্দ রয়েছে ১০টি সেই তুলনায় রোগীর সংখ্যা ৮ থেকে ৯ জনের বেশি হয়না।
তবে উৎকোচ দিয়ে প্রণোদনা ও সম্মাননা নেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
যদিও সুবিধাভোগী রিহ্যাব সেন্টারগুলোর স্বত্বাধিকারীরা দাবি করেছেন, অনেক রোগী সুস্থ হয়ে আলোর পথে ফিরেছেন, তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি মাদকাসক্ত রোগীর পরিবারের লোকজন প্রতিবেদককে জানান, স্নেহা ও স্বপ্ন রিহ্যাব সেন্টারে ব্যাপক টাকা ব্যয় করার পরেও তাদের সন্তানদের সুস্থ জীবনে ফেরাতে পারেনি। শুধু আমাদের নয় এমন অনেক মাদকাসক্তদের পক্ষে মাদক ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ।
বিগত সরকার মাদকের উপর জিরো টলারেন্স জারি করে বিভিন্ন কর্মসূচি হাতে নিলেও বর্তমানে তা চলছে উল্টো ধারায়। ফলে প্রতিনিয়ত বাড়ছে নিত্যনতুন মাদকসেবী। এছাড়াও মাদকাসক্ত শুধু পুরুষরাই হয় তা-নয়, এখন পুরুষের তুলনায় নারী মাদকসেবীর সংখ্যাও বাড়ছে ক্রমান্বয়ে।
এদিকে মাদকাসক্তদের মাদকমুক্ত করতে নিরাময় কেন্দ্র নয় প্রয়োজন মাদক কারবারিদের নির্মূল।
গোটা দেশের আইনশৃঙ্খলা বাহিনী ইচ্ছে করলেই ২৪ ঘন্টায় দেশকে মাদক মুক্ত করতে পারে বলে মন্তব্য করেন রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা। তিনি বলেন, বর্তমানে রক্ষকরা হয়েছেন ভক্ষক, বিভিন্ন মাদকস্পট থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন সপ্তাহে সপ্তাহে টাকা নিয়ে আসার অভিযোগ আজকে নতুন নয়। সবার আগে এই দফতরের সংস্কারের প্রয়োজন বলে তিনি মনে করেন।
তবে উল্লেখিত অভিযোগগুলো অস্বীকার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন বলেন, আমার চাকরি জীবনে কারো কাছে এককাপ চা পর্যন্ত খায়নি। তবে সুবিধাভোগী রিহ্যাব সেন্টারগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি জেলা প্রশাসকের উপর দায় চাপিয়ে অকপটে এড়িয়ে যান।





