শিউলি আফরোজ সাথী, মাগুরা :-
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় “এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে মাগুরায় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক – বালিকা ( অনূর্ধ্ব -১৭ ) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকালে মাগুরা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের উপস্থিত থেকে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান , সিভিল সার্জন ডাঃ শামীম কবির , মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরিফ আজিজুল হাসান মোহন , মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক , জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ।
প্রথম খেলায় মুখোমুখি হয় , বালিকা গ্রুপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা ফুটবল দল । এ খেলায় উভয় দল ১-১ গোলে ড্র করলে খেলা গড়াই টাইব্রেকারে ।পরে মাগুরা সদর ৬-৫ গোলে জয়ী হয় । অপরদিকে ২য় খেলায় , বালক গ্রুপে মাগুরা সদর ২-০ গোলে মহম্মদপুর ফুটবল দলকে পরাজিত করে। বালক গ্রুপে ম্যান অফ দা টুর্ণামেন্ট হয় মাগুরা সদর দলের আসিফ এবং একই দলের আরিফুজ্জামান ম্যান অফ দা ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে মহম্মদপুর দলের মামুন পুরস্কার গ্ৰহন করে ।
বালিকা গ্রুপে ম্যান অফ দা টুর্নামেন্ট মাগুরা সদর দলের সাদিয়া ও একই দলের জয়া ম্যান অফ দা ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে শ্রীপুর দলের তূষা মন্ডল পুরস্কার গ্ৰহন করে ।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ের মোট ৮ টি দল এ টুর্নামেন্টে অংশ নেয় ।


