রংপুরে নারী মাদকাসক্তদের গোপনে চিকিৎসা দেয় স্নেহা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

রংপুরে স্নেহা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন যাবত নারী মাদকাসক্তদের চিকিৎসা দেয়া হলেও এ খবর জানতেন না মাদকদ্রব্য অধিদপ্তর। যদিও এই রিহ্যাব সেন্টারের স্বত্বাধিকারী মনোয়ারুল কাদির মাসুম ঢাক ঢোল পিটিয়ে কয়েক বছর ধরে নারী মাদকাসক্তদের চিকিৎসা দিয়ে আসলেও সে তথ্য- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন জানেন না, সে-বিষয়টি হতবাক করে তুলেছে সচেতন মহলকে। তাদের অভিযোগ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় একই ভবনে নার্সিং কলেজ,একই ভবনে নারী ও পুরুষ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রসহ বিভিন্ন জমিজমা ক্রয়-বিক্রয়ের মধ্যস্থতাকারী হিসেবে কারবার চালানোসহ ওই ভবনে পরিবার নিয়ে বসবাস করে আসছেন মাসুম মিয়া।

নার্সিং কলেজের নীতিমালা অনুযায়ী নার্সিং কলেজ ক্যাম্পাসে অন্যকোন প্রতিষ্ঠান থাকার নিয়ম না থাকলেও স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম পতিত আওয়ামীলীগের দলীয় ক্ষমতার অপব্যবহার করে একই ভবনে চালিয়ে আসছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এনিয়ে সচেতন মহলেও রয়েছে নানান প্রশ্ন।


নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার কয়েকজন শিক্ষার্থী প্রতিবেদককে বলেন, একই ভবনে একাধিক প্রতিষ্ঠান থাকায় লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়াও এখানে ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা। এজন্য আতঙ্ক নিয়ে সবসময় সংযত রাখতে হয় নিজেকে। এবিষয়ে স্নেহা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মনোয়ারুল কাদির মাসুম তার প্রতিষ্ঠানে নারীদের চিকিৎসা দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, নারী পুরুষ বলতে নীতিমালায় তেমন বিভেদ নেই। অনুমতি থাকলে উভয়কে চিকিৎসা দিতে পারে বলে তিনি জানান।

তবে স্নেহা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নারীদের চিকিৎসা দেয়ার বিষয়টি জানতেন না বলে নিশ্চিত করেছেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক। তিনি বলেন,রংপুরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে কোথাও নারীদের চিকিৎসা দেয়া হয় না। তবে নারী মাদকাসক্তদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে আলাদা কোনো নীতিমালা নেই বলেও তিনি জানান,তবে কোন প্রতিষ্ঠান যদি নারীদের চিকিৎসা দেয় তাহলে অবশ্যই আমাদের অবগত করতে হবে। আর যদি কেউ গোপন করে চিকিৎসা কার্যক্রম চালায় তাহলে
সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন