হাইকোর্টের নির্দেশ অমান্য করে রূপনগরে সম্পত্তি দখলের চেষ্টা: ভুক্তভোগীর অভিযো

রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকার রোড-১৩, বাড়ি নং ২৬—এই বাড়ি বিক্রয়ের ২৬ বছর পরও চলমান বিরোধের জেরে হাইকোর্টের স্থিতাবস্থার (স্টে অর্ডার) পরও উচ্ছেদ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বাড়িটির বর্তমান মালিক মো. ইয়াছিন বেগ দাবি করেছেন—হাইকোর্টের আদেশ অমান্য করে তার বসতবাড়ি ভাঙচুর, মালামাল নিলাম এবং পরবর্তীতে পুনরায় দখলের চেষ্টা করা হচ্ছে।

২৫ বছরের পুরোনো লেনদেন থেকে বিরোধের সূত্রপাত। ইয়াছিন বেগ জানান, ফিরোজা খাতুন ০৯/০৫/১৯৯৫ তারিখে মৌখিক দানের ভিত্তিতে এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নামজারির মাধ্যমে বাড়িটি তার পিতা মৃত মো. আব্দুল মতিন বেগকে ২৩ লাখ টাকায় বিক্রি করেন। বায়না করার সময় বিক্রেতা ফিরোজা খাতুন স্বীকার করেননি যে তার স্বামী গোলাম রাব্বানী বাড়িটির মূল কাগজ ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন। পরবর্তীতে ঋণ পরিশোধের পরও ফিরোজা বেগম পুনরায় তৃতীয় পক্ষের কাছে সম্পত্তি বিক্রির ষড়যন্ত্রে লিপ্ত হন বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি জানাতে গেলে ফিরোজা খাতুন ও তার সহযোগীরা হুমকি-ধামকি এবং রাজনৈতিক প্রভাব খাটান বলে দাবি করেন ইয়াছিন। এ বিষয়ে রূপনগর থানায় অভিযোগ করলেও তৎকালীন ওসি মোকাম্মেল কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ ও বাড়ি ভাঙচুরের কোনো নোটিশ দেখানো হয়নি বলেও দাবি করেন তিনি।

দুইতলা ভবনের সামনের অংশ বুলডোজার ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হয়। বাড়ির আসবাবপত্র, পোশাকসহ সব মূল্যবান জিনিসপত্র ঘটনাস্থলেই নিলামে বিক্রি করা হয় টুটুল নামে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে।

হাইকোর্টের স্টে অর্ডারের পরও ভাঙচুর অব্যাহত
৩০ এপ্রিল ২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট সিএমপি নং ৩৪২/২৫ এর মাধ্যমে ০৮ সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দেন। তবে ওই আদেশ সত্ত্বেও ভাঙচুরের কাজ চলতে থাকে বলে অভিযোগ ভুক্তভোগীর।

ইয়াছিন বেগ জানান, হাইকোর্টের আদেশ থানায় অবহিত করা হলেও বর্তমান ভারপ্রাপ্ত ওসি “বিষয়টি দেখবেন” বলে আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

মাইনুদ্দীন গং-এর দখলচেষ্টা, রাজনৈতিক প্রভাবের অভিযোগ
বর্তমানে স্থানীয় প্রভাবশালী মাইনুদ্দীন গং রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন ইয়াছিন। তিনি জানান, এসকেভেটর দিয়ে জমি খনন করে সেখানে নতুনভাবে নির্মাণকাজ শুরু করার চেষ্টা চলছে।
এ ঘটনায় রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান টুটুল এ কাজে সহযোগিতা করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

সাংবাদিকদের ওপর হুমকি
ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্টরা কোনো তথ্য না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে ফোন করে বিষয়টি নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা
ইয়াছিন বেগ জানান, তিনি ইতোমধ্যে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।

মন্তব্য করুন