হেনরী ও তার স্বামীর ব্যাংকে লেনদেন পৌনে ৪ হাজার কোটি টাকা

সিরাজগঞ্জ-২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়াও তাদের বিরুদ্ধে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী তার ক্ষমতার অপব্যবহার করে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার স্বামী শামীম তালুকদারের অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা। এছাড়া, হেনরী ও তার স্বামী যৌথভাবে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের (প্রায় ১৫৮৫ কোটি টাকা) সন্দেহজনক লেনদেন করেছেন।

এছাড়া, সাবেক সংসদ সদস্য হেনরী সোনালী ব্যাংকের পরিচালক থাকার সময় রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

এজাহারে আরও বলা হয়, শামীম তালুকদার তার স্ত্রীর অপরাধলব্ধ অর্থের মাধ্যমে ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

এই মামলায় তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী লাবু তালুকদারকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়

মন্তব্য করুন