ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগ থাকায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসকে (ইসকন) নিষিদ্ধ এবং রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ১০ জন আইনজীবী। আজ বুধবার (২৭ নভেম্বর) ওই লিগ্যাল নোটিশ পাঠান তারা।
এদিকে সাম্প্রদায়িক উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতি সমাবেশে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান উপস্থিত ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম সমাবেশের নেতৃত্ব দেন। আজ বিকেলে টাইগারপাস এলাকা ছাত্র-জনতার স্লোগানে উত্তাল রয়েছে।
এর আগে, মঙ্গলবার বিকেলে একদল ইসকন অনুসারীর হাতে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার প্রথম জানাজা চট্টগ্রাম আদালত এলাকায় অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা বেলা ১২টার দিকে নগরের জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের জনসাধারণের ঢল নামে।
২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন (মঙ্গলবার) কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুর পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।





