আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিরা। এছাড়া সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানের এক রেস্তোরাঁয় তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, গতকালের সংঘর্ষে আমাদের তিনজন সঙ্গী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলেও জানান হাবিবউল্লাহ রায়হান।
জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক আরও বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। এরপরও সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে।
তবে এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান হাবিবউল্লাহ। এছাড়া মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।




