নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রচারের মাধ্যমে মানহানি, অপপ্রচার ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ‘দ্য ক্রাইম সার্চ’ (The Crime Search) নামের একটি ফেসবুক পেজের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে এস এম জীবনের নাম উল্লেখ করে রূপনগর থানায় মামলা করেছে এম. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি।
মামলায় এস এম জীবন সহ কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগকারীর দাবি, ‘দ্য ক্রাইম সার্চ’ নামের ফেসবুক পেজে তাঁকে নিয়ে ভিডিও প্রচার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মামলায় আরও দাবি করা হয়, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপনগর থানা-পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।





