সুমন মোল্লা একজন ওমান প্রবাসী। বিদেশে অবস্থানের সময় কোনো একটি পারিবারিক বিষয়ে তাঁর স্ত্রী ও বোনের ভেতর ঝগড়া হয়। তখন স্ত্রীর মন রক্ষার জন্য সুমন মোল্লা কোরআন ছুঁয়ে শপথ করে বলেছিলেন, তিনি তাঁর সেই বোনের সঙ্গে সম্পর্ক রাখবেন না এবং সেই বোনের বাড়িতেও কখনো যাবেন না। সম্প্রীতি দেশে ফেরার পর উপলব্ধি করেন, কাজটি তাঁর মোটেও ঠিক হয়নি। সুমন মোল্লার প্রশ্ন হলো, কোরআন ছুঁয়ে কসম করলে কসম হয় কি না এবং এখন বোনের বাড়িতে গেলে তাঁকে কাফফারা দিতে হবে কি না?
প্রাজ্ঞ আলেমরা বলেন, কোরআন ছুঁয়ে কসম করলে কসম সংঘটিত হয়ে যায়। সুতরাং তিনি বোনের বাড়িতে গেলে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কসম ভেঙ্গে যাবে এবং কাফফারা আদায় করতে হবে। কসমের কাফফারা হলো, ১০ জন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো, অথবা প্রত্যেককে এক জোড়া কাপড় দেওয়া। আর তা সম্ভব না হলে এক নাগাড়ে তিন দিন রোজা রাখা।
তবে মনে রাখতে হবে, কসম একমাত্র আল্লাহ তায়ালার নামেই করা যায়। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো জিনিসের নামে কসম করা নাজায়েয। এমনকি কোরআনের নামে বা তা ছুঁয়ে কসম করাও নিষিদ্ধ। একইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাও গুনাহের কাজ। তাই রাগ বা ক্ষোভের কারণে আত্মীয়তার সম্পর্ক, বিশেষত ভাই-বোনের মতো রক্তের সম্পর্ক ছিন্ন করা মুমিনের কাজ নয়। রাসুলুল্লাহ (সা.) এই বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৮৪; বাদায়িউস সানায়ে : ৩/৬৩; আলবাহরুর রায়িক ৪/২৮৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া ২/৫৩)
আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।




