ফরহাদ হোসেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী। পেশায় কলেজের শিক্ষক ছিলেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জয়ী হন তিনি। এর পরের বছর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ পেয়ে যান ফরহাদ। ধীরে ধীরে মেহেরপুরে দলীয় রাজনীতি থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি দখলে নেয় ফরহাদ হোসেনের পরিবার।
মেহেরপুরে আওয়ামী লীগকে পারিবারিক দল হিসেবে গড়ে তোলেন ফরহাদ। নিজের পরিবারের সদস্যদের সুযোগ দিতে যেয়ে কোণঠাসা করেছেন দলের ত্যাগী নেতাদের। তার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠজনদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন ফরহাদ। তাদের দিয়েই জেলার ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন তিনি। ফরহাদের ভাই ও ভগ্নিপতির দাপটে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা তটস্থ থাকতেন।
ফরহাদ হোসেনের বাবা ছহিউদ্দীন বিশ্বাস ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সংসদ সদস্য (এমপি) হওয়ার আগপর্যন্ত দলে কোনো পদ ছিল না ফরহাদের। ২০১৪ সালে মেহেরপুর-১ আসনের এমপি হন তিনি। এর পরের বছর অক্টোবরে সরাসরি জেলা আওয়ামী লীগের সভাপতি বনে যান। সবশেষ ২০২২ সালেও দলের সম্মেলনে তিনি একই পদ পান। ২০১৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ফরহাদ হোসেন। সর্বশেষ ২০২৪ সালে তৃতীয়বারের মতো এমপি হন ফরহাদ, পান জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্ব।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন ফরহাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় গত ১৪ সেপ্টেম্বর রাতে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে।
জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে ফরহাদ হোসেনের স্ত্রীসহ অন্তত ১৭ স্বজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদ পেয়েছেন। ভগ্নিপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বোন শামীম আরা মহিলাবিষয়ক সম্পাদক, স্ত্রী সৈয়দ মোনালিসা ও চাচাতো ভাই আমিরুল ইসলাম সদস্য পদে আছেন। মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি তার বড় ভাই ইকবাল হোসেন। বাবার ফুফাতো ভাই সদ্য প্রয়াত বোরহান উদ্দিন ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ফুফাতো ভাই মোমিনুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের চেয়ারম্যান। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ভাতিজা আদিব হোসেন। এবং ছোট ভাই সরফরাজ হোসেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে আছেন।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাত নেতা বলেন, ফরহাদের আধিপত্যের বিরোধিতা করা দলের জ্যেষ্ঠ নেতাদের নিষ্ক্রিয় করে রেখেছিলেন তিনি। এ নিয়ে দলের মধ্যে দুটি ধারা তৈরি হয়, যার অন্যপক্ষে নেতৃত্ব দিতেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুল। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়াজান আলী, সহসভাপতি ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।
গোলাম রসুল বলেন, ফরহাদ হোসেন সৈয়দ আশরাফের চাচতো বোনকে বিয়ে করে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। দশম সংসদ নির্বাচনে হঠাৎ তার আর্বিভাব ঘটে মেহেরপুরের আওয়ামী রাজনীতিতে। এমপি বনে যাওয়ার পর আওয়ামী লীগকে পারিবারিক দল হিসেবে গড়ে তোলেন। প্রতিমন্ত্রী হওয়ার পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নিজের একক নিয়ন্ত্রণে নেন। ২০১৪ সাল থেকে জেলায় সরকারের যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে, এসব পরোক্ষ ও প্রত্যক্ষভাবে তাঁর স্বজনেরা করেছেন।





