হজের খরচ কমানোর জন্য এবার দুটি প্যাকেজ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়। দুটি প্যাকেজের মধ্যে আজিজিয়া নামের প্যাকেজে খরচ কমবে এক লাখ টাকার বেশি। অন্যটিতে খরচ কমছে ৪০-৪৫ হাজার টাকা।
ধর্ম মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে তিনি দুটি প্যাকেজ ঘোষণা করবেন। প্রথমটি থাকবে ৫ লাখ ৫০ হাজার টাকার এবং দ্বিতীয়টি থাকবে ৪ লাখ ৭৫ হাজার টাকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এভাবেই প্যাকেজ ঠিক করেছে মন্ত্রণালয়। দুটি প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ কমছে। এর ফলে চার বছর পর আবারও পাঁচ লাখ টাকার মধ্যে হজ করতে পারবেন বাংলাদেশিরা।
হজের প্যাকেজ চূড়ান্ত করতে রাতে ধর্ম উপদেষ্টার সঙ্গে বসছেন ধর্ম সচিব। সেখানে আসতে পারে কিছু সংশোধনী।
গত বছর সাধারণ হজের প্যাকেজ ছিল ৫ লাখ ৮৬ হাজার টাকা। তবে এবার সেটি কমিয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্যাকেজটিতে মক্কা ও মদিনায় হেরেম শরীফ থেকে গড়ে দুই থেকে তিন কিলোমিটার দূরে হোটেলের ব্যবস্থা করা হবে। এই প্যাকেজটি আজিজিয়া প্যাকেজ নামে অভিহিত হবে।




