নিরানন্দ রায়, পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চাঁদনগর মহল্লার ভাসানী সড়কের হাসিনা মঞ্জিল নামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলা দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে মুন্নি বেগম তার ছেলে আবির নবি দোয়াদকে নিয়ে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছিলেন। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সেখানে উপস্থিত হন।
অভিযোগে বলা হয়, আসামিরা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দেন। এর প্রতিবাদ করলে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে মামলার বাদী মুন্নি বেগম ও তার ছেলে মারধরের শিকার হয়ে রক্তাক্ত জখম হন।
এ ছাড়া হামলার পর বাদীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার তদন্তের অংশ হিসেবে মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।





