মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার প্রান্তিক কৃষককে জনপ্রতি ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। পাশাপাশি ৯শত প্রান্তিক কৃষক পাবেন জনপ্রতি ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার।
বীজ-সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, সাবেক অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুস আলী এবং প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।




