বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ‘র’ এজেন্ট ও জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করায় এবং নিষিদ্ধের আহ্বান জানানোয় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ইসকন বাংলাদেশ। সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনানুগ পদক্ষেপসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
আজ শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ইসকন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য ও সংবাদের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
ইসকন বাংলাদেশের নেতারা সরকারের কাছে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার ব্যবস্থা নিতে অনুরোধ জানান। একই সঙ্গে সংখ্যালঘুদের আট দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন তারা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান।
তারা আরও বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিমা, ঘরবাড়ি, দোকানপাটের ক্ষতি, পুলিশ-শিক্ষক লাঞ্ছনা এবং ধর্ষণের মতো অপরাধের কঠোর নিন্দা জানাচ্ছি। এসব বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানাই। একই সঙ্গে যারা বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সংখ্যালঘুদের নির্যাতন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।





