
দীর্ঘদিনের ধর্মীয় সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসকে পুঁজি করে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শহীদুল্লাহ শাকিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী চুন্নু মিয়া অভিযোগ করেন, এই প্রতারণার কারণে তিনি ও তাঁর পরিবার আজ চরম আর্থিক ও মানসিক সংকটে দিন কাটাচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চুন্নু মিয়া ও শহীদুল্লাহ শাকিল দীর্ঘ প্রায় নয় বছর ধরে একসঙ্গে নিয়মিত নামাজ আদায় করতেন। এই ঘনিষ্ঠতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে একপর্যায়ে শাকিল চুন্নু মিয়ার ভাগ্নেকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন। শুরুতে ‘পাসপোর্ট দেওয়া হয়েছে’ এবং বিদেশে যাওয়ার প্রক্রিয়া অগ্রগতিতে আছে—এমন আশ্বাস দিয়ে তিনি অর্থ গ্রহণ শুরু করেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ধাপে ধাপে প্রথমে তিন লাখ টাকা এবং পরবর্তীতে আরও চার লাখ পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ভিসা, বৈধ কাগজপত্র কিংবা সরকারি অনুমোদনের কোনো প্রমাণ দেওয়া হয়নি। দুই মাসের মধ্যে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি থাকলেও তা গড়িয়ে যায় এক বছর চার মাসে।
চুন্নু মিয়া আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে শাকিল বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন—কখনো কাগজ আসছে, কখনো প্রক্রিয়া শেষের পথে বলে আশ্বাস দেন। একপর্যায়ে ডিসেম্বর মাসে পাসপোর্ট ফেরত দিলেও ২০ ডিসেম্বর একসাথে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন, যা আজও বাস্তবায়িত হয়নি।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি যোগাযোগ এড়িয়ে চলতে শুরু করেন। এমনকি নতুন করে ‘কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে কম্পিউটার প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদানের কথা বলেন এবং মাসিক তিন লাখ টাকা বেতনের আশ্বাস দেন—যা ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী ছিল আরেকটি বিভ্রান্তিমূলক কৌশল।
ভুক্তভোগীর পরিবার জানায়, এই বিপুল অর্থ সংগ্রহ করতে চুন্নু মিয়ার ভাগ্নে ও তাঁর পরিবারকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। গরু বিক্রি, জমি বিক্রি এবং সুদের ওপর টাকা নিয়ে তারা এই অর্থ পরিশোধ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ বা অর্থ ফেরত না পেয়ে পরিবারটি এখন নিদারুণ বিপাকে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শহীদুল্লাহ শাকিলের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি কিংবা কোনো মন্তব্য দিতে রাজি হননি।
উল্টো অভিযোগ উঠেছে, অভিযুক্ত শহীদুল্লাহ শাকিল সামাজিক যোগাযোগমাধ্যম ও ‘অপরাধ বিচিত্রা মাল্টিমিডিয়া’ নামীয় একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুক্তভোগী চুন্নু মিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন এবং একতরফা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছেন। ভুক্তভোগী পরিবার এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সত্য আড়াল করতেই এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে।
ভুক্তভোগী পরিবার এখন ন্যায়বিচারের আশায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দায়িত্বশীল গণমাধ্যমের হস্তক্ষেপ কামনা করেছেন।





