মোঃ একলাছ উদ্দীন
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুলসংখ্যক বৈঠা জব্দের ঘটনার পর এবার কটিয়াদী মডেল থানায় আগুন দেওয়ার হুমকি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। হুমকিদাতাকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থানায় আগুন দেওয়ার হুমকি এবং ওসিকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্যসংবলিত একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর থানায় জিডি করা হয়।
এর আগে বুধবার রাতে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে—এমন অভিযোগে ৪০০টি বৈঠা উদ্ধার করে পুলিশ। কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারের একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে এসব বৈঠা জব্দ করা হয়। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে বৈঠা তৈরির নির্দেশদাতা হিসেবে আলোচনায় আসা রঞ্জু পুলিশের অভিযানের আগেই সরে যান বলে জানা গেছে।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফেসবুকে ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের অ্যাকাউন্ট থেকে থানায় আগুন দেওয়ার হুমকি ও তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্যের বিষয়টি তাঁর নজরে এসেছে। তাঁর ধারণা, অ্যাকাউন্টটি ভুয়া হতে পারে। পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের পাশাপাশি অ্যাকাউন্টটির অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে জিডি করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হুমকির ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।





