মাগুরায় উদ্ধারকৃত ৩৫ মোবাইল ফোন হস্তান্তর, গ্রেপ্তার ৪

 

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেশনের (সিসিআইসি) ধারাবাহিক তৎপরতায় সেপ্টেম্বর মাসে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সাথে বিভিন্ন ক্লুলেস মামলা উদঘাটন এবং একাধিক আসামিকে গ্রেপ্তার করে সাফল্য দেখিয়েছে ইউনিটটি।
​বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস-২৩ সহ উদ্ধারকৃত মোট ৩৫টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হস্তান্তরিত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
​মাগুরা জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মোবাইল হারানোর তথ্যের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় সেপ্টেম্বর মাসজুড়ে জেলাজুড়ে অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে হাতছাড় হয়ে যাওয়া ফোনগুলো ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। সাইবার সেল ও জেলা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ এবং এই মানবিক উদ্যোগের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য করুন