মাগুরায় এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও দুর্গাপূজার নিরাপত্তা আলোচনা

 

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

মাগুরায় এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখা, জেলা সমাজকল্যাণ কমিটির কার্যক্রম, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হয়। সভাসমূহে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় গ্যাসের সরবরাহ, মূল্য এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের জন্য এলপিজি গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জেলা সমাজকল্যাণ কমিটির সভায় জেলার বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে চলমান কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এদিকে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদায়ন সংক্রান্ত কমিটির সভায় শিক্ষক পদায়নের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় প্রয়োজনীয় আলোচনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতামত গ্রহণ করা হয়।
সভাসমূহে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, এলপিজি গ্যাসের ডিলার ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন