১৩তম গ্রেডে আবেদনের সুযোগের দাবিতে শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান

 

দৈনিক খবরের আলো প্রতিনিধি, (ঢাকা):
মাদ্রাসার এমপিও নীতিমালা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ইবতেদায়ী শিক্ষক ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসার এমপিও নীতিমালায় পূর্বে নিয়োগপ্রাপ্ত ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী শিক্ষক ও ইবতেদায়ী ক্বারীদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন সাপেক্ষে ১৩তম গ্রেড পাওয়ার সুযোগের কথা উল্লেখ রয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও আবেদনের সুযোগ না থাকায় সংশ্লিষ্ট শিক্ষকরা এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেও প্রাপ্য গ্রেডে আবেদনের সুযোগ না পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি নিরসনে তাঁরা অবিলম্বে নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং আবেদনের প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান।

কর্মসূচির প্রধান সমন্বয়ক সাকিবুল হাসান সবুজ বলেন, “শিক্ষা ও সংহতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে আমরা আজ রাজপথে নেমেছি। নীতিমালা প্রকাশের পরও আবেদনের সুযোগ না পাওয়া চরম বৈষম্যমূলক। আমরা অবিলম্বে নীতিমালার পূর্ণ বাস্তবায়ন এবং ১৩তম গ্রেডে আবেদনের সব জটিলতা নিরসনের দাবি জানাচ্ছি। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

কর্মসূচির সমাপনী বক্তব্যে ঐক্য পরিষদের নেতারা জানান, দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী সময়ে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তাঁরা।

শিক্ষকদের দাবি, তাঁদের যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ নিশ্চিত করা হলে দীর্ঘদিনের গ্রেডসংক্রান্ত বৈষম্য নিরসনে অগ্রগতি হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

মন্তব্য করুন